কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০
কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শনিবার সকাল ৮টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুল ইসলামের পরিবারের ছয় সদস্য রয়েছেন। তারা হলেন ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)। আহত ছয়জন হলেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, রিসোর্টটিতে আশিকুলের পরিবারের নয়জন সদস্য ছিলেন। এর মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রিসোর্টটিতে ২৭ জনের নাম এন্ট্রি ছিল, যার মধ্যে নয়জন ঘটনার সময় বাইরে ছিলেন। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ জানান, সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযানের শুরুতে ছয়টি মরদেহ ও ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও একটি শিশু রয়েছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবিও সহায়তা করেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহতরা সবাই পর্যটক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়েছেন বলে জানা গেছে।