প্রগতি বার্তা

সূর্যবংশীর জন্য স্যামসনকে বাদ দেওয়ায় রাতে ঘুমাতে পারেননি গম্ভীর

খেলা ডেস্ক
খেলা ডেস্ক প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩২
সূর্যবংশীর জন্য স্যামসনকে বাদ দেওয়ায় রাতে ঘুমাতে পারেননি গম্ভীর

একজন তরুণ সেনসেশন, আরেকজন দারুণ ফর্মে থাকা পরীক্ষিত ব্যাটার। ভারতীয় দলে জায়গা পেতে আগে থেকেই ক্রিকেটারদের মাঝে প্রতিযোগিতা ছিল। সেটাই টের পেলেন বৈভব সূর্যবংশী ও সঞ্জু স্যামসন। অভিজ্ঞ স্যামসনকে বাদ দিয়ে সূর্যবংশীকে একাদশে রাখার সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হয়েছে কোচ গৌতম গম্ভীরকে। এমনকি সেদিন রাতে নাকি তিনি ঘুমাতেও পারেননি।


এশিয়ান গেমসের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ফর‌ম্যাটের সিরিজ খেলবে ভারত। তার আগে জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে একাদশ নির্বাচনে চ্যালেঞ্জের কথা জানিয়ে গম্ভীর বলেন, ‘আমার দুই বছরের যাত্রাপথে কেবল ওই এক রাতেই আমি ঘুমাতে পারিনি এবং এটা সঞ্জুকেও জানিয়েছি। কারণ টি-টোয়েন্টি কোচিং ক্যারিয়ারে এটি (স্যামসনকে একাদশের বাইরে রাখা) আমার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, অথচ সে কেবল ৩-৪ ম্যাচ খেলেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সম্ভবত এর পেছনে বৈভবের ফর্মেরও ভূমিকা ছিল এবং আমাদেরও সিরিজ জিততে হতো।’


বিষয়টি স্যামসনকে বুঝিয়ে বলেছিলেন ভারতীয় কোচ, ‘দিনশেষে আপনি যখন ভারতের হয়ে খেলছেন বা ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, তখন প্রতিটি সিরিজই জিততে চাইবেন, এটাই স্বাভাবিক। আমি তার সঙ্গে অত্যন্ত খোলামেলা আলোচনা করেছিলাম। তাকে বুঝিয়েছিলাম যে, বৈভব তখন দারুণ ফর্মে ছিল এবং আমাদের ওপরের সারিতে এমন কাউকে প্রয়োজন ছিল যে রান করতে পারবে, অর্থাৎ ইনিংসের শুরুতে একটা ভালো ভিত বা প্ল্যাটফর্ম গড়ে দেওয়াটা জরুরি ছিল।’


‘সে (স্যামসন) বিষয়টি ভালোভাবে মেনে নিয়েছিল। সঞ্জুর সঙ্গে আমার এই আলোচনাটা হয়েছিল এবং সে তা ইতিবাচকভাবেই গ্রহণ করেছিল’, আরও যোগ করেন গম্ভীর। একইভাবে আবারও সুযোগ পেতে সূর্যবংশীকেও অপেক্ষা করতে হবে বলে জানালেন সাবেক এই ভারতীয় অধিনায়ক, ‘আমি জানি এটি কঠিন, তবে আমি তাকে বুঝিয়েছি যে, তুমি ভালো ফর্মে আছো; কিন্তু কেউ যদি লম্বা সময় ধরে ভালো খেলে তাহলে তোমারও সুযোগের অপেক্ষায় থাকতে হবে।’


গম্ভীর এ বিষয়েও দৃঢ় ছিলেন যে, সূর্যবংশী বা স্যামসনের মধ্যে কাকে খেলানো হবে তা সামাজিক মাধ্যম বা বাইরের কোনো আলোচনার ওপর নির্ভর করে না। তিনি বলেন, ‘আরও একটা বিষয় হলো সোশ্যাল মিডিয়া বা বাইরের কোনো গুঞ্জন কিন্তু মূল একাদশ ঠিক করে না। ড্রেসিংরুমে কোচ ও অধিনায়ক মিলে ঠিক করেন সেরা একাদশটি কী হবে এবং কারা আমাদের ম্যাচ জেতাতে পারেন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে কারা ভালো পারফর্ম করছেন, সেটাও বিবেচনায় রাখা হয়।’


‘আজ যদি বৈভব খেলে, তবে অভিষেক বা সঞ্জু যে–ই বাদ পড়ুক না কেন, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করাটা আমার জন্য বেশ কঠিন একটা পরিস্থিতি হবে’, জানালেন গম্ভীর। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের কোনোটিতেই সুযোগ পাননি সূর্যবংশী। পরিবর্তে স্যামসন সুযোগ পেয়ে দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেন। ভারতও সিরিজ জেতে ৩-০ ব্যবধানে।


শেয়ার করুন: