প্রগতি বার্তা

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

প্রগতি ডেস্ক
প্রগতি ডেস্ক প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, দুপুর ৩:১৯
দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। সব মিলিয়ে এ সময়ে মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (২৭ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।


পুলিশ সদরদপ্তর জানায়, বিশেষ অভিযান ও অন্যান্য অভিযানে এ সময় ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।


উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।


এছাড়া, অভিযানে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে।


পুলিশ সদরদপ্তর আরও জানায়, এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ