রয়টার্সের প্রতিবেদন
বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ
একসময় হাম নির্মূলের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া বাংলাদেশ বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত দেশে হামে সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৯৯ জনে পৌঁছেছে। হাসপাতালগুলোতে রোগীদের অতিরিক্ত ভিড়, টিকা ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অসুস্থ শিশুদের ক্রমবর্ধমান হাম আক্রান্তে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশের ভয়াবহ হাম পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশে রাজনৈতিক অস্থিরতা চলাকালীন ২০২৪ ও ২০২৫ সালে রুটিন টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়। গত এপ্রিলে জরুরি ভিত্তিতে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করা হলেও এই দীর্ঘমেয়াদী প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বর্তমানে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব চলছে বাংলাদেশে।
স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক গোলযোগের কারণে শিশুদের একটি বড় অংশ টিকাদান থেকে বঞ্চিত হয়েছে এবং টিকার সরবরাহে তৈরি হয়েছে চরম ঘাটতি। এতে বিশেষ করে ৯ মাসের কম বয়সী শিশুরা, যাদের নিয়মিত টিকা নেওয়ার বয়সই হয়নি; তারা চরম ঝুঁকিতে পড়েছে। ফলে সহজেই সব বয়সীদের মাঝে ছড়িয়ে পড়েছে এই সংক্রামক ভাইরাস।