প্রগতি বার্তা

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তারেকের

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১:০৩
নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তারেকের
বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান/প্রগতি বার্তা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে জনগনকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকালে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান।


এর আগে সকাল ১১টার দিকে ৩ দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিন বগুড়ার হোটেল নাজ গার্ডেন থেকে বাস যোগে ঢাকা উদ্দ্যশ্যে রওনা দেন তারেক রহমান ও তার সফর সঙ্গীরা। পথে বগুড়ার শেরপুরের পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এসময় তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে রাস্তার দুইপাশে শতশত জনতাকে অবস্থান নিতে দেখা যায়। 


বিকাল ৪টার দিকে তারেক রহমান সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনী সমাবেশে যোগ দেন। এসময় তারেক রহমান বলেন, “আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীদের সঙ্গে বাংলাদেশের মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন বলেই স্বৈরাচারের পতন ঘটেছে। এখন আমাদের সামনে নতুন দায়িত্ব—দেশ গড়া। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, দেশ গঠনে এগিয়ে যেতে হবে।”


সিরাজগঞ্জ ও পাবনাসহ সারাদেশে নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে বেকার সমস্যা সমাধান, এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করে এর পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।


এরপর সন্ধায় টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, “কোন কোন মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়? তাদের বিভিন্ন লোকজন গিয়ে বিশেষ করে যারা মা-বোন আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। “


‘‘ আপনারা যারা মা-বোনরা আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যারা উপস্থিত আছেন আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোন ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা-বোনদেরকে আপনারা সতর্ক করবেন। আপনারা মুরুব্বিদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে।”


তারেক রহমান বলেন, ‘‘আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন। আগামী দিন হচ্ছে, দেশ গড়ার রাজনীতি। আগামী দিন হচ্ছে, মানুষের ভাগ্য বদল করার দিন। আগামী দিন হচ্ছে মানুষের শুভ যাত্রার দিন।


‘‘ কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। আমরা যদি সকলে সতর্ক থাকি তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, ইনশাল্লাহ।”


ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোট কেন্দ্র পাহারা দেয়ার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘‘ভোট দিতে যে যাবেন সকাল বেলায় ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে। যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে ফিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।”


উত্তরাঞ্চলে প্রচারাভিযানের দুইদিনে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে চারটি নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান। শেষ দিনে সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনী সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৬টায়।


শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ