ভারতের হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্যের নিন্দা জামায়াতে
ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে, কোন দল কত ভোট পাবে- এ ধরনের মন্তব্য করে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন। প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
ঢাকায় নিযুক্ত দিল্লির সাবেক হাইকমিশনার শ্রিংলা কূটনৈতিক চাকরি থেকে অবসরের পর ভারত সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি হয়েছেন। তিনি গতকাল শনিবার বলেছেন, ‘বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে। সুষ্ঠু নির্বাচনে জামায়াত কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না।’
এ বক্তব্যকে কূটনৈতিক রীতিনীতিবিরোধী আখ্যা দিয়ে গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন প্রক্রিয়া এবং জামায়াত সম্পর্কে এ ধরনের মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। একটি দেশের জনগণ কাকে ভোট দেবে তা সম্পূর্ণ জনগণেরই এখতিয়ার। কোনো রাজনৈতিক দল কী পরিমাণ জনসমর্থন পাবে, তা নির্ধারণের এখতিয়ার বিদেশি রাজনীতিবিদের নেই। বাংলাদেশের জনগণ দেশের মালিক। তারাই নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, জামায়াত নিবন্ধিত, গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত রায় দেবে, এ বিষয়ে সংশয় নেই।